পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সীমান্তপথে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ যাতায়াত ঠেকাতে দিন-রাত টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হচ্ছে মোবাইল পেট্রোলিং।
সীমান্তের অন্ধকারাচ্ছন্ন ও দুর্গম এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি করা হচ্ছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করেও টহল পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। একই সাথে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব সদস্য প্রস্তুত রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের সব বিওপিসহ সংশ্লিষ্ট জনবলকে প্রস্তুত রাখা হয়েছে।

