...|...|...

সারাদেশ

শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের শপথ

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৬:০২
Shares
শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের শপথ

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবি এবং সংগঠনের অতীত গৌরব পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধ বরগুনা জেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের নজরে এসেছে। ভিডিওতে অংশগ্রহণকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
‎
‎রবিবার (২৭ অক্টোবর) বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি স্থানে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। তবে স্থানটির সুনির্দিষ্ট পরিচয় প্রকাশ করা হয়নি।
‎
‎মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ১ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও। এতে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লাকে উপস্থিত নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করাতে দেখা যায়।
‎
‎ভিডিওতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং ছাত্রলীগের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করতে দেখা যায় অংশগ্রহণকারীদের। এ সময় জেলা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

‎এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি সবুজ মোল্লা বলেন, ‘ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। তার দেশে ফেরাকে নির্বিঘ্ন করার লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শপথ করেছি।’

‎অন্যদিকে, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শপথ গ্রহণের ভিডিওটি তিনি দেখেছেন। তবে ভিডিও দেখে অনুষ্ঠানটির সুনির্দিষ্ট স্থান নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সবুজ মোল্লার নেতৃত্বে অনুষ্ঠানটি হয়েছে বলে জানা গেছে। এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।