...|...|...

জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠিয়েছে দিল্লির হাইকমিশন

বিবিসি
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০৬
Shares
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠিয়েছে দিল্লির হাইকমিশন

ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের একটি কপি ঢাকায় পাঠিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের ইমেইলে পাঠানো চিঠিটি পাওয়ার পর তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

তিনি বলেন, ‘এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌ আবেদনটি সঠিক কি না, সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

এর আগে সোমবার সকালে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করে ম্যাট্রিক্স চেম্বার্স। প্রতিষ্ঠানটি ইমেইলের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠায়।

এদিকে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়টিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা একজন আসামি। তাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার অংশ হিসেবেই পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, দেশে ফেরার ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে শেখ হাসিনা এ আবেদন করেছেন।