...|...|...

আইন ও আদালত

শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সকাল ৭:০১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৩
Shares
শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ

শিশু আছিয়ার প্রতীকী ছবি।

মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষণা করা হবে।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন।

আদালতে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে গুরুতর অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করলে পুলিশ হিটু শেখসহ চারজনকে গ্রেফতার করে। পরে দ্রুত বিচার শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। তবে অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

আইন অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে পাঠানো হয়। শুনানি শেষে এখন উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে বহুল আলোচিত এ মামলা।