নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যুর ঘটনায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড়ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুর বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে তাকে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শাকিলের বাবা মামলা করেছেন। মামলার তদন্তের স্বার্থে পুলিশ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্যের বড়ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।


