ইরানের বর্তমান নেতৃত্ব এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালাচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের পতন বা অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত বছরের ৭ অক্টোবর সংঘটিত হামলার তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণানুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।
সোমবার (৫ অক্টোবর) আয়োজিত ওই অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা তেহরানের এই ত্রাসের রাজত্বকে আমাদের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে উঠতে দেব না।
তিনি আরও বলেন, এই স্বৈরাশাসন তাদের প্রতিষ্ঠার পর থেকে আজ সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। তারা এখন নিজেদের জীবন বাঁচানোর লড়াই করছে এবং তাদের পরিণতি হলো—এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাওয়া বা মুছে যাওয়া।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরান একটি ত্রিমুখী বা তিনদফার কৌশল গ্রহণ করেছিল। এর মধ্যে ছিল—ইসরায়েলকে ঘিরে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং ইহুদি রাষ্ট্রটিকে ধ্বংস করার উদ্দেশ্যে তৈরি করা পারমাণবিক অস্ত্র।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এটিই ছিল ইরানের সেই তিনদফা পরিকল্পনা। কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একে একে সেই পরিকল্পনা চূর্ণ করে দিয়েছি।
নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুতের ওপর আঘাত হেনেছে এবং এর পারমাণবিক কর্মসূচিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে; যার মধ্যে দেশটির বিজ্ঞানী, বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোও অন্তর্ভুক্ত রয়েছে।


