যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য শান্তিচুক্তি বাস্তবায়নের সময়সীমা আরও কমানোর প্রস্তাব দিয়েছে ইরান। আগে সাত দিনের মধ্যে চুক্তির শর্ত বাস্তবায়নের কথা থাকলেও এবার তা দুই দিনে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগ শান্তি প্রতিষ্ঠায় ইরানের আন্তরিকতা ও সদিচ্ছার বহিঃপ্রকাশ।
সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ প্রস্তাবের কথা জানান। একই সাথে তিনি স্পষ্ট করেন, ওয়াশিংটনের সাথে নতুন কোনো সমঝোতা হলে তাতে গত জুনে সম্পাদিত ইসলামাবাদ চুক্তির মূল শর্তগুলো অবশ্যই বহাল রাখতে হবে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের।
তিনি জানান, ইসলামাবাদ চুক্তিতে উভয় পক্ষের সম্মত হওয়া বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশটির বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের সব যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতি কার্যকর করা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘অপর পক্ষ যদি সত্যিকার অর্থে সামান্যতম আন্তরিকতাও দেখায়, তাহলে ইরান দুই দিনের মধ্যেই নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে। নিজেদের অঙ্গীকার পূরণে আমরা যে আন্তরিক, তা ইতোমধ্যে প্রমাণ করেছি।’
তবে এর আগে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়ে। তেহরানের অভিযোগ, চুক্তির পরও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল রেখেছিল ওয়াশিংটন। ইরানের দাবি, এই পদক্ষেপ ছিল যুদ্ধবিরতির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।
এদিকে নতুন করে শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী নয় যুক্তরাষ্ট্র। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের সাথে অদূর ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। একই সাথে তেহরানের উত্থাপিত দাবিগুলোকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রাথমিক শান্তিচুক্তির অংশ হিসেবেই ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর শর্ত আরোপ করতে চাইছে। এসব শর্ত মেনে নিতে তেহরানের ওপর চাপও অব্যাহত রেখেছে ওয়াশিংটন।
তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান নিজেদের আগের অবস্থানেই অনড় রয়েছে। দেশটির দাবি, যুদ্ধ ও সামরিক হুমকি পুরোপুরি বন্ধ হওয়ার পরই কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে।
ফলে চুক্তি বাস্তবায়নের সময়সীমা কমাতে ইরানের নতুন প্রস্তাব এলেও নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মতপার্থক্য এখনও কাটেনি।


