জরুরি রক্ষণাবেক্ষণের কারণে চাঁপাইনবাবগঞ্জে নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় আগামী শনিবার (৩১ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরবরাহ বন্ধ রেখে বিদ্যুৎ লাইনের কাছের গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো চাঁপাইনবাবগঞ্জ।


