সাধারণ ক্ষমা আইন স্থগিত রাখার প্রতিবাদে লেবাননের বৃহত্তম কারাগারে দুই সপ্তাহের বেশি সময় ধরে অনশনরত শত শত বন্দির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়েছে বলে জানিয়েছেন এক আইনি অধিকারকর্মী।
লেবাননের আইনজীবী ও ত্রিপোলি বার অ্যাসোসিয়েশনের প্রিজনার্স রাইটস সেন্টারের পরিচালক মোহাম্মদ সাবলুহ আল জাজিরাকে জানান, প্রায় ৪০০ বন্দি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের শারীরিক অবস্থা এতটাই শোচনীয় যে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন অ্যাম্বুলেন্স আসছে।
তিনি আরও বলেন, বন্দিরা ওষুধ, খাবার ও পানি—সবকিছু বর্জন করেছেন।
লেবাননের রুমিয়েহ কারাগারের বন্দিরা গত ১২ সেপ্টেম্বর সাধারণ ক্ষমা আইন স্থগিত করার প্রতিবাদে এই অনশন শুরু করেন। এই আইন কার্যকর হলে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হতো অথবা সাজা কমানো হতো। ছোটখাটো অপরাধে কারাবন্দি ব্যক্তিদের মুক্তির বিধানসংবলিত এই আইনটি স্থগিত করার প্রতিবাদে লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতেও বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
অনশনরত অনেক বন্দিকে বাশার আল-আসাদের বিরুদ্ধে সিরীয় বিপ্লবের প্রতি সংহতি প্রকাশ করার কারণে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতন ঘটেছিল। দেশটির অন্যতম বড় রাজনৈতিক দল ‘ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট’ কিছু বন্দির বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ থাকার আশঙ্কার কথা উল্লেখ করে কনস্টিটিউশনাল কাউন্সিলে একটি আপিল দায়ের করেছিল। আগামী মাসেই কনস্টিটিউশনাল কাউন্সিল এই বিষয়ে তাদের রায় ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে।


