চলমান যুদ্ধ ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে কূটনৈতিক তৎপরতার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে ইরান। দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়েছেন। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাজেরানি জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই প্রস্তাব বা সাড়ার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
মন্ত্রিসভার বৈঠকে আরাঘচি তার সাম্প্রতিক নিউইয়র্ক সফরের বিভিন্ন দিকও তুলে ধরেন। সফরকালে তিনি ইউরোপীয় ও উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এ ছাড়া হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরান যেসব শর্ত জানিয়েছে, সেগুলোও বৈঠকে উপস্থাপন করেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া প্রস্তাবটি হরমুজ প্রণালী পুনরায় চালুর শর্তগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।


