বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শ্রমিক নিয়োগ, শ্রমিক কোটার অনুমোদন এবং ওয়ার্ক পারমিট দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। একইসাথে বাংলাদেশিদের শ্রমিক শ্রেণির এলএ-বি২ ভিসা ইস্যুতেও সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে লাওসের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন করে নিয়োগ কোটা অনুমোদন, শ্রমিক নিয়োগ এবং ওয়ার্ক পারমিট অনুমোদনের প্রক্রিয়া আপাতত বন্ধ থাকবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক শ্রেণির এলএ-বি২ ভিসা ইস্যুও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ফলে এ সময়ের মধ্যে লাওসে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্টদের লাওস সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এ ছাড়া লাওসে যাওয়ার জন্য আগ্রহী বাংলাদেশি কর্মীদের সতর্ক করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে পাসপোর্ট জমা দেওয়া যাবে না। পাশাপাশি লাওসে কর্মসংস্থানসংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষকে স্থগিতাদেশের সময়সীমা ও নির্দেশনা মেনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছে।


