অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আকস্মিক বন্যার পানিতে ডুবে যাওয়া একটি গাড়ি থেকে চালককে নিরাপদে উদ্ধার করেছেন এক টেলিভিশন সাংবাদিক ও এক পথচারী। লাইভ রিপোর্টিংয়ের সময় এই সাহসিকতাপূর্ণ ঘটনা ঘটায় ক্যামেরার সামনেই নায়ক বনে গেছেন ওই সংবাদকর্মী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার পাবলিক ব্রডকাস্টার এবিসি-এর সাংবাদিক উইল মুরে ব্রিসবেন শহরের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন। ঠিক সেই সময় এক ব্যক্তি ফোর-হুইল ড্রাইভ গাড়ি নিয়ে পানির মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি মাঝপথে বন্ধ (স্টল) হয়ে যায় এবং দ্রুত তলিয়ে যেতে শুরু করে।
মুহূর্তের মধ্যে সাংবাদিক উইল মুরে এবং অপর এক ব্যক্তি সাঁতরে গাড়িটির কাছে পৌঁছান এবং গাড়িটি সম্পূর্ণ ডুবে যাওয়ার ঠিক আগমুহূর্তে চালককে নিরাপদে টেনে বের করে আনেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবিসির ক্যামেরা অপারেটর লিজ পিকারিং ব্রডকাস্টারকে বলেন, ওই দুজনে মিলে নিশ্চিতভাবেই লোকটির জীবন বাঁচিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই।
এবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার যে এলাকায় এই ঘটনা ঘটে, সেই মোরেনফিল্ড শহরে সে সময় প্রায় ১৭০ মিলিমিটার বা ৬ দশমিক ৭ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।


