যুক্তরাজ্য সফররত ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় ওমানি জনগণের প্রশংসায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর একটি বাণী (হাদিস) আরবিতে উচ্চারণ করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। উইন্ডসর ক্যাসেলে দেওয়া তার এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’-র প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার যুক্তরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। দীর্ঘ ৪৪ বছর পর ওমানের কোনো বাদশাহর এটিই প্রথম যুক্তরাজ্য সফর। এই উপলক্ষেই রাজা চার্লস ও রানি ক্যামিলা উইন্ডসর ক্যাসেলে এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করেন।
ওই ভোজসভার বক্তৃতায় ওমানের জনগণের প্রশংসায় ব্রিটিশ রাজা আরবিতে হাদিসটি উদ্ধৃত করে বলেন, যদি তোমরা ওমানের জনগণের কাছে যেতে, তবে তারা তোমাদের অবমাননাও করত না এবং তোমাদের মারধরও করত না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও ক্লিপে রাজাকে বেশ সাবলীলভাবে আরবি ভাষায় এই হাদিস পাঠ করতে দেখা গেছে।
বক্তৃতার অন্য একটি অংশে রাজা চার্লস যুক্তরাজ্য ও ওমানের মধ্যকার ঐতিহাসিক অংশীদারিত্বের দীর্ঘ পথপরিক্রমা তুলে ধরেন। বিশেষ করে বর্তমান সংঘাতপূর্ণ সময়ে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ওমানের সেতু নির্মাতা ও মধ্যস্থতাকারীর ভূমিকার উচ্চ প্রশংসা করেন তিনি।
রাজা চার্লস বলেন, একটি জীবন্ত সম্পর্ক যখন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়, এর চেয়ে আনন্দের সাফল্যের প্রতীক আর কিছু হতে পারে না।


