সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলার ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে যে, আহতদের আঘাতের ধরন হালকা থেকে গুরুতর পর্যন্ত বিভিন্ন রকমের রয়েছে এবং তাদের প্রত্যেককে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে একই দিনে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল যে, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসা একটি ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করার পর এর টুকরো বা আঘাতে দুজন নিহত হয়েছেন।
ইয়েমেনের হুথি বাহিনী এবং সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করার ফলে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
এর আগে, গত সপ্তাহে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১১ অক্টোবর একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটি। এছাড়া গত ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক এক হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে জানিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
চলমান হুথি হামলার প্রেক্ষাপটে বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সৌদি আরবে অবস্থিত তাদের কূটনৈতিক মিশনগুলোর কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। এছাড়া এই অঞ্চলের অন্যান্য বেশ কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সম্ভাব্য হুথি হামলা সম্পর্কে নাগরিকদের সতর্ক করতে রিয়াদস্থ মার্কিন দূতাবাস গত বুধবার একটি নিরাপত্তা সতর্কতাও জারি করেছে।


