সৌদি আরবের দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে বিমানবন্দরে হামলায় হতাহতের তথ্য জানায়। আহত আটজনের আঘাত হালকা থেকে গুরুতর পর্যায়ের। তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে একই দিনে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসা ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। এ ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষ বা আঘাতে দুজন নিহত হন বলে জানানো হয়।
ইয়েমেনের হুথি বাহিনী এবং সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মধ্যে সংঘাতের উত্তেজনার মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনা ঘটছে।
এর আগে গত ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। এ ছাড়া ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে, সম্ভাব্য হুথি হামলার আশঙ্কায় বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোর কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এ অঞ্চলের আরও কয়েকটি মার্কিন মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
একই দিন সম্ভাব্য হুথি হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক করে নিরাপত্তা সতর্কতা জারি করে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর দেশটির কয়েকটি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
এ ছাড়া ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
তবে মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ রুটের ফ্লাইট কার্যক্রম ও সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।



