চিরচেনা লম্বা চুলের ছাঁট বদলে এবার সম্পূর্ণ নতুন রূপে হাজির হয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। ভাইকিং স্টাইলের লম্বা চুল কেটে এবার তিনি বেছে নিয়েছেন ছোট করে ছাঁটা ‘বাজ কাট’।
রোববার (২৩ আগস্ট) সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ছোট ভিডিওর মাধ্যমে নতুন এই লুক ভক্তদের সামনে আনেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
ক্যারিয়ারে বিভিন্ন সময়ে চুলের স্টাইলে পরিবর্তন এনেছেন হালান্ড। কখনো পনিটেল, আবার কখনো খোলা লম্বা চুলে মাঠে দেখা গেছে তাকে। তবে এবারের ছোট চুলের স্টাইলটি তার জন্য বেশ ব্যতিক্রমী।
নরওয়ের হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর গ্রীষ্মের ছুটিটাও বেশ উপভোগ করেছেন হালান্ড। ফ্রেঞ্চ রিভিয়েরায় প্রিটি লিটল থিংয়ের প্রতিষ্ঠাতা উমর কামানির সাথে ইয়টে সময় কাটিয়েছেন তিনি। সিসিলির আশপাশেও নৌভ্রমণে দেখা গেছে এই তারকাকে।
হালান্ডের চুলের স্টাইল নিয়ে এর আগেও ফুটবল বিশ্বে বেশ আগ্রহ দেখা গেছে। ২০২৩ সালে সাবেক ম্যানচেস্টার সিটি সতীর্থ কেভিন ডি ব্রুইনে জানিয়েছিলেন, হালান্ডের লম্বা চুল তার সন্তানদেরও অনুপ্রাণিত করেছে।
ডি ব্রুইনে সে সময় বলেছিলেন, হালান্ড একজন সুপারস্টার। তার তিন সন্তানই লম্বা চুল রাখতে শুরু করেছে। এমনকি ছেলের স্কুলের অন্য শিশুদের মধ্যেও একই ধরনের চুলের স্টাইল দেখা যায় বলে জানিয়েছিলেন তিনি।
তবে গত সপ্তাহে কমিউনিটি শিল্ডে হালান্ডকে মাঠে দেখা গিয়েছিল পনিটেল স্টাইলেই।


