চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এসে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ার পর বিপ্লব হোসেন সাগর (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত বিপ্লব হোসেন সাগর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, পরীক্ষা শুরুর আগে উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাগর। দ্রুত কলেজের ভ্যানে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয় এবং অভিভাবকদের খবর দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম শাহীন বলেন, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ ফোন করে এক শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর জানান। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। বিষয়টি কলেজের অধ্যক্ষ ও বিভাগের প্রধান শফিকুল ইসলামকে জানানো হয়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে তিনিও সেখানে পৌঁছান।
চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে কলেজের একটি ভ্যানে একজনকে সাথে দিয়ে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় সাগরের দেওয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করা হয়। পরে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর জানানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিপ্লব হোসেন সাগরকে মৃত ঘোষণা করেন।


