...|...|...

খেলা

রোনালদোকে ছাড়া কতটা কঠিন- স্পর্শকাতর প্রশ্নে যা বললেন কোচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৬
Shares
রোনালদোকে ছাড়া কতটা কঠিন- স্পর্শকাতর প্রশ্নে যা বললেন কোচ

ছবি: সংগৃহীত

ডেনমার্কের বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে হারের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর অভাব অনুভব করছেন কি না এমন স্পর্শকাতর প্রশ্নের মুখোমুখি হয়েছেন পর্তুগাল কোচ হোর্হে জেসুস। জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোনালদো এখন আর জাতীয় দলের অংশ নন এবং অবসরের সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) উয়েফা নেশনস লিগের ম্যাচে ব্রাগায় ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের পর এটিই ছিল পর্তুগিজদের প্রথম ম্যাচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচের কাছে রোনালদোর অনুপস্থিতি নিয়ে জানতে চাওয়া হয়।

প্রশ্নের জবাবে বেশ সরাসরি ও কিছুটা রসিকতার সুরে হোর্হে জেসুস বলেন, আমি তাকে কীভাবে মিস করব? সে তো আর জাতীয় দলে নেই! তাকে মিস করার একমাত্র উপায় হতো যদি সে আমার পাশে বসে আমাকে সঙ্গ দিত। 

ম্যাচ চলাকালীন ডেনমার্ক ৭৫তম মিনিটে চতুর্থ গোল দেওয়ার পর গ্যালারি ছাড়তে শুরু করেন অনেক পর্তুগিজ সমর্থক। এ সময় তারা পর্তুগিজ তারকার রোনালদোর নাম ধরে স্লোগান দিতে থাকেন। তবে এই হারের সাথে রোনালদোর না থাকার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন পর্তুগাল কোচ।

সমর্থকদের আবেগের বিষয়টি স্বীকার করে জেসুস বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে জাতীয় দলের হয়ে রোনালদো যা করেছেন, তা মানুষ মনে রেখেছে এবং তাকে মিস করাটাই স্বাভাবিক। 

ম্যাচের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করে পর্তুগিজ কোচ জানান, ঘরের মাঠে এমন বড় হারের জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। রক্ষণভাগের দুর্বলতা ও সামনের সারির খেলোয়াড়দের ঠিকমতো চাপ সৃষ্টি করতে না পারাকেই এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।