ইউক্রেনে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি। এতে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, গাইডেড ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে এ ঘোষণা দেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস।
তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জনে ব্যর্থ হওয়ায় রাশিয়া বিমান হামলা জোরদার করছে। তাই ইউক্রেনকে দ্রুত ও কার্যকর আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়া জরুরি।’
পিস্টোরিয়াস জানান, ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কেনার উদ্যোগ ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট’ (পিইউআরএল)-এ অতিরিক্ত ৩০ কোটি ডলার দেবে জার্মানি।
নতুন সহায়তা প্যাকেজে প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থার পিএসি-২ ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আইআরআইএস-টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। বিশেষ করে তীব্র শীতের মধ্যে দেশটির বড় শহরগুলোতে এসব হামলা পরিস্থিতি আরও কঠিন করে তুলছে।
তিনি আরও জানান, নরওয়ের সরবরাহ করা নাসামস আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় আইআরআইএস-টি ক্ষেপণাস্ত্র যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে জার্মানি। পাশাপাশি ইউক্রেনকে নতুন রাডার ব্যবস্থাও দেওয়া হবে।


