...|...|...

বিশ্ব

রিয়াদ বিমানবন্দরের যাত্রী টার্মিনালে ফের ‘ক্ষেপণাস্ত্র’ হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ৯:০৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, রাত ৯:০৯
Shares
রিয়াদ বিমানবন্দরের যাত্রী টার্মিনালে ফের ‘ক্ষেপণাস্ত্র’ হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল সদৃশ বস্তু আঘাত হেনেছে। রবিবার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট। তবে সর্বশেষ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগের দিনই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরটিতে এটি ছিল তৃতীয় প্রাণঘাতী হামলা। সর্বশেষ প্রজেক্টাইলটি আগের হামলার স্থানের কাছাকাছি, অভ্যন্তরীণ ফ্লাইটের ৩ ও ৪ নম্বর টার্মিনাল থাকা কমপ্লেক্সে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে।

ক্রমবর্ধমান নিরাপত্তাঝুঁকির কারণে রবিবার রিয়াদ বিমানবন্দর বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। রাজধানীর স্কুলগুলোতেও সাময়িকভাবে সরাসরি পাঠদান বন্ধ করে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানবন্দরের বন্ধের সময় বাড়িয়ে রোববার রাত ৯টা পর্যন্ত করা হয়েছিল।

এদিকে, হুথি বিদ্রোহীরা জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় তাদের নিয়ন্ত্রণাধীন বিমানবন্দরেও আবার হামলা চালানো হয়েছে। এ হামলার জন্য সৌদি আরবকে দায়ী করলেও বিস্তারিত তথ্য দেয়নি তারা। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এর আগে সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের সতর্ক করেছিলেন। তাঁর দাবি, এসব স্থাপনা হুথিদের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু হতে পারে। তবে মক্কা ও মদিনার বিমানবন্দরকে এ সতর্কতার বাইরে রাখার কথা জানান তিনি।

সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি। এমন পদক্ষেপ নেওয়া হলে গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল এবং পারস্য উপসাগর থেকে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, রবিবার সানায় একটি বাড়িতে সন্দেহভাজন সৌদি বিমান হামলায় এক শিশু নিহত এবং ছয়জন আহত হয়েছে। একই মন্ত্রণালয়ের তথ্যমতে, গত পাঁচ সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ৯১ জন ইয়েমেনি নিহত এবং ১৬৮ জন আহত হয়েছেন। নিহতদের ৬০ শতাংশ নারী ও শিশু বলে দাবি করেছে তারা। এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় ইরাক, লেবানন ও সিরিয়াসহ বিভিন্ন আরব দেশ নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও হামলার নিন্দা জানিয়েছেন। ভন ডার লিয়েন বলেছেন, ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলোর হামলা আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে এবং বিশ্বব্যাপী পরিবহন ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে ঝুঁকির মুখে ফেলছে।