মেটা ইনস্টাগ্রামে একটি নতুন টুল চালু করেছে, যার নাম ‘ফার্স্ট ড্রাফট’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক ভিডিও ক্লিপ থেকে সয়ংক্রিয়ভাবে একটি শুরুর ভার্সনের রিল বানিয়ে নিতে পারবেন।
কোনো ক্লিপে বাড়তি বিরতি বা নীরবতা থাকলে টুলটি তা নিজে থেকেই বাদ দিয়ে ক্লিপগুলোকে একসাথে জোড়া দিয়ে দেবে।
কীভাবে কাজ করে
ব্যবহারকারী রিলস গ্যালারি থেকে কয়েকটি ক্লিপ বেছে নিয়ে ‘ফার্স্ট ড্রাফট’ অপশনে ট্যাপ করলেই কাজ শুরু হয়ে যায়। এরপর টুলটি ক্লিপগুলো পর্যালোচনা করে অপ্রয়োজনীয় অংশ সরিয়ে একটা প্রাথমিক এডিট করা ভিডিও তৈরি করে দেয়- মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই।
এটাকে চূড়ান্ত ভিডিও ভাবার দরকার নেই; বরং এটা একটা কাঠামো বা শুরুর বিন্দু, যা থেকে ব্যবহারকারী নিজের ইচ্ছেমতো ক্লিপের অর্ডার বদলাতে পারেন, নতুন কিছু যোগ করতে পারেন বা আরও কাটাছেঁড়া করতে পারেন।
এই সুবিধা শুধু গ্যালারিতে রাখা পুরোনো ভিডিওর জন্যই নয়- ইনস্টাগ্রামের নিজস্ব ক্যামেরায় সরাসরি ভিডিও ধারণ করার পরও এটা ব্যবহার করা যাবে।
ফলে ভিডিও করার পর আলাদা কোনো এডিটিং অ্যাপে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে। মাল্টি-ক্লিপ ভিডিও, টক-টু-ক্যামেরা কনটেন্ট বা দৈনন্দিন মুহূর্ত ধারণ করা রিলসের জন্য এটা বিশেষভাবে কার্যকর হতে পারে।
এআই নয়, মেশিন লার্নিং
ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ নিজে থেকে চিনে সম্পাদনা করার কারণে অনেকে একে এআই-চালিত ফিচার মনে করতে পারেন। তবে দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম স্পষ্ট করে জানিয়েছে যে এই ফিচারে জেনারেটিভ এআই ব্যবহৃত হয়নি - এটা তাদের মেশিন লার্নিং প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি।
এদিক থেকে এটা মেটার অন্যান্য সাম্প্রতিক এআই এক্সপেরিমেন্ট থেকে আলাদা, যেগুলো ইনস্টাগ্রাম ও তাদের ‘এডিটস’ অ্যাপে যুক্ত করা হয়েছে। ‘ফার্স্ট ড্রাফট’- এর লক্ষ্য মূলত রিলস বানানোর পুনরাবৃত্তিমূলক ও সময়সাপেক্ষ কাজটাকে সহজ করা।
আপাতত শুধু আইফোনে
ফিচারটি এখন শুধু আইফোন ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। অ্যান্ড্রয়েডে কবে আসবে, তা এখনো নিশ্চিত করেনি ইনস্টাগ্রাম, ফলে অ্যান্ড্রয়েড ইউজারদের আপাতত অপেক্ষা করতে হবে।
মোটকথা, ‘ফার্স্ট ড্রাফট’ কোনো জটিল এডিটিং সিস্টেম নয় - বরং রিল বানানোর সবচেয়ে ক্লান্তিকর ধাপ, অর্থাৎ ক্লিপ দেখা, বিরতি বাদ দেওয়া আর অংশগুলো সাজানো - এই কাজটা দ্রুত করে দেওয়ার একটা সহজ উপায়। যারা নিয়মিত রিল বানান, তাদের সময় বাঁচাতে এই ফিচার বেশ কাজে লাগতে পারে।



