...|...|...

সারাদেশ

রাষ্ট্রের স্বার্থে সমন্বয় বাড়ালেই সমাধান সম্ভব: নৌপরিবহন মন্ত্রী

রাষ্ট্রের স্বার্থে সমন্বয় বাড়ালেই সমাধান সম্ভব: নৌপরিবহন মন্ত্রী

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:৪৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৮
Shares
রাষ্ট্রের স্বার্থে সমন্বয় বাড়ালেই সমাধান সম্ভব: নৌপরিবহন মন্ত্রী

চট্টগ্রাম বন্দরকে ঘিরে বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে বৃহত্তর জাতীয় স্বার্থে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।  তিনি বলেছেন, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিলে অনেক জটিল সমস্যারই সহজ সমাধান সম্ভব।

রবিবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের কনফারেন্স রুমে বন্দর সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় টারিফ, শ্রমিক মজুরি বৃদ্ধি ও কাস্টমস কার্যক্রমসহ নানা ইস্যু উঠে আসে। মন্ত্রী জানান, এসব বিষয় নিয়ে ঢাকায় ফিরে সংশ্লিষ্টদের সাথে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

কাস্টমসের কার্যক্রম নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শুধু ব্যাখ্যা নয়—সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে।  বন্দরকে ঘিরে তৈরি হওয়া সম্ভাবনা কোনো সংস্থার অদক্ষতায় নষ্ট হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর এখন প্রতিষ্ঠিত একটি পোর্ট এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় সুযোগ তৈরি হয়েছে।  এই সুযোগ কাজে লাগাতে হলে সমন্বয় বাড়াতে হবে এবং প্রয়োজনে কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে।

সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কাজ করতে গেলে কিছু জটিলতা থাকবেই—কন্টেইনার জট বা আমদানিকারকের সমস্যা হতে পারে।  তবে সেগুলো কমিয়ে এনে বৃহত্তর অর্থনৈতিক লাভ নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আলোচনায় নিজেদের ক্ষতিগ্রস্ত হিসেবে উপস্থাপনের প্রবণতা থাকলেও বাস্তবে ব্যবসা সচল রয়েছে এবং প্রবৃদ্ধিও হচ্ছে।  দীর্ঘমেয়াদি লাভ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া রেলপথে কার্গো পরিবহন বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে ৪ শতাংশ কার্গো রেলে পরিবহন হলেও তা বাড়িয়ে ১৬-১৮ শতাংশে নেওয়ার উদ্যোগ রয়েছে।

সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সচিব জাকারিয়া, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।