...|...|...

জাতীয়

লালদিয়া হবে পরিবেশবান্ধব ‘গ্রিন টার্মিনাল’: নৌপরিবহন মন্ত্রী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, বিকেল ৩:৩৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, রাত ২:৫৮
Shares
লালদিয়া হবে পরিবেশবান্ধব ‘গ্রিন টার্মিনাল’: নৌপরিবহন মন্ত্রী

আগামী ৩০ আগস্ট ডেনমার্কের সহায়তায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, এটি হবে একটি আধুনিক ও পরিবেশবান্ধব ‘গ্রিন টার্মিনাল’, যেখানে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান ‘এপিএম টার্মিনালস’ (APM Terminals)-এর প্রতিনিধি দলের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

টার্মিনালের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, এই টার্মিনালের ক্রেনগুলো দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে সরাসরি অফিস থেকেই পরিচালনা করা হবে, যা বন্দরের কার্যক্রমে দক্ষতা ও নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি এই মেগা প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যা দেশের বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন এই টার্মিনাল নির্মাণের ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়বে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে, যা সার্বিকভাবে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রী ডেনমার্কের আর্থসামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রশংসা করেন। একই সাথে বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নে ডেনমার্ক সরকার এবং দেশটির বিনিয়োগকারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বন্দর ও নৌপরিবহন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে সরকার প্রস্তুত।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের সাথে তাল মিলিয়ে বন্দর অবকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও সক্ষম করে গড়ে তোলার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

এ সময় এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের বন্দর ও টার্মিনাল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ প্রদানের জন্য সরকারকে ধন্যবাদ জানান। তারা লালদিয়া কনটেইনার টার্মিনালসহ বাংলাদেশের অন্যান্য বন্দর খাতে আধুনিক প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও নিজেদের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এপিএম টার্মিনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপস্থিত ছিলেন।