...|...|...

জাতীয়

১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, দুপুর ২:২৩
Shares
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। অন্যদিকে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে দুর্গাপূজার ছুটির আওতামুক্ত বিভিন্ন জরুরি সেবার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সাথে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং এসব সেবার সাথে যুক্ত কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। একইভাবে চিকিৎসক ও চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত যানবাহন ও কর্মীদেরও ছুটির আওতায় রাখা হয়নি। জরুরি কাজের সাথে সংশ্লিষ্ট অফিসগুলোও এই ছুটির বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

এ ছাড়া বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।