...|...|...

জাতীয়

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৪
Shares
হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারাদেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি শিশুর জীবন মূল্যবান। একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটিই সরকারের লক্ষ্য। এ কারণে এবারের কর্মসূচিকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, কর্মসূচির আওতায় দূরবর্তী এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপের টিকাদান থেকে কোনো কারণে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শিশুর প্রতিটি বাড়িতে পৌঁছানোর চেষ্টা করা হবে।

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকা কিংবা প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসকারী শিশুদের কাছেও টিকাদান কর্মসূচির আওতায় পৌঁছানো সম্ভব হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।

টিকাদান কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি ও ইউনিসেফসহ বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি সিটি করপোরেশন ও স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া এ কর্মসূচি সফল করা সম্ভব হতো না। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে স্বাস্থ্যকর্মীরা শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়ার কাজ করছেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, হাম প্রতিরোধে সরকারের নেওয়া কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

তিনি বলেন, জনগণের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। স্বাস্থ্যের বিষয়ে জনগণের কাছে যে অঙ্গীকার করা হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে তা বাস্তবায়ন করা হবে।