...|...|...

বিশ্ব

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে গ্রেফতার মার্কিন সেনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৯
Shares
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে গ্রেফতার মার্কিন সেনা

ছবি: সংগৃহীত

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ সদস্যকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের গ্লৌচেস্টারের কাছে ৪১ বছর বয়সী ওই সেনাসদস্যকে গ্রেফতার করা হয়।

আল-জাজিরার বরাতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ব্রিটেনের ২০২৩ সালের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের দুটি ধারায় তাকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি ধারা সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশের সাথে এবং অন্যটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার সাথে সম্পর্কিত। পুলিশ নিশ্চিত করেছে, অভিযোগগুলোর সাথে সংশ্লিষ্ট দেশটি রাশিয়া।

তদন্তের অংশ হিসেবে গ্লৌচেস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। আটক ব্যক্তিকে বর্তমানে লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রাখা হয়েছে। ব্রিটিশ আইনে তাকে আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত আটক রেখে জিজ্ঞাসাবাদ করা সম্ভব।

বিবিসির তথ্য অনুযায়ী, ওই মার্কিন সেনাসদস্য গ্লৌচেস্টারশায়ারের ইনসওয়ার্থে অবস্থিত ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন। এই ঘাঁটিতেই ন্যাটোর গুরুত্বপূর্ণ সামরিক সদর দফতর অ্যালাইড র‍্যাপিড রিঅ্যাকশন কর্পস বা এআরআরসি অবস্থিত। ব্রিটিশ আইনে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগে সাধারণত সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয় না।

ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সহযোগিতার ফলেই এই গ্রেফতার সম্ভব হয়েছে। তিনি অভিযোগগুলোকে গুরুতর বলে উল্লেখ করে বলেন, তদন্ত এখনও চলমান। তবে এই মামলার সাথে অন্য কোনো চলমান সন্ত্রাসবিরোধী তদন্তের সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি করা শপথ ভঙ্গ করে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না।

ইউএস আর্মি কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচনও বলেছেন, সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ অভ্যন্তরীণ হুমকির বাস্তবতা মনে করিয়ে দেয়। একই সাথে তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ তদন্ত সহযোগিতার প্রশংসা করেন।

যুক্তরাজ্যে অবস্থানরত কোনো মার্কিন সেনাসদস্যের বিরুদ্ধে বিদেশি সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে আটকের ঘটনা এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে রুশ গোয়েন্দাদের সহায়তার সন্দেহে যুক্তরাজ্যে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে লন্ডন ও মস্কোর সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এর আগেও ২০০৬ সালে লন্ডনে সাবেক রুশ গুপ্তচর আলেকজান্ডার লিতভিনেঙ্কোর বিষক্রিয়ায় মৃত্যু এবং ২০১৮ সালে সাবেক দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে বিষ প্রয়োগের ঘটনা দুই দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছিল।