বাগেরহাটের রামপাল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আহাদ আহমেদ ইতু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশিদ।
নিহত আহাদ আহমেদ ইতু ইসলামাবাদ এলাকার ফরিদ বয়াতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিরোধের জেরে আহাদ আহমেদ ইতুর সাথে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপাল থানার ওসি রাজিব আল রশিদ বলেন, পারিবারিক বিরোধের ঘটনায় একজন যুবক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা গেছে।


