লালমনিরহাটের আদিতমারীতে রাতের আঁধারে একটি সরকারি কলেজ, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং একটি বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফটকে ‘সর্বাত্মক ধর্মঘট, সার্থক হোক’ লেখা কাগজ ও ব্যানারও লাগানো হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুক পেজে এসব ভিডিও প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে আদিতমারী উপজেলা সদরের এসব প্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনা ঘটে। এর মধ্যে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাঈমসহ কয়েকজন নেতার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখা যায়।
ভিডিও ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে আদিতমারী সরকারি কলেজ, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং কান্তেশ্বর বর্মণ (কেবি) বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সরকারি অফিস ও কলেজের ফটকে তালা লাগানোর প্রায় এক মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে একজনকে দেখা গেলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে অফিসে এসে প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। এরপর থানা-পুলিশ এসে তালা ভেঙে দেয়। তবে এ ঘটনায় তার মধ্যে আতঙ্ক কাটেনি বলেও জানান তিনি।
আদিতমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, কে বা কারা কলেজের ফটকে তালা ঝুলিয়েছেন, তা তিনি জানেন না। শিক্ষার্থীদের প্রবেশে সমস্যা হওয়ায় তালাটি ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে পাঠদানসহ কলেজের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল সাকিব সজীব বলেন, ফটকে তালা ঝুলানোর বিষয়টি শুনেছেন। তবে পোস্টার বা ব্যানার লাগানোর বিষয়টি তাদের জানা নেই। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তার কাছ থেকে বিষয়টি জেনেছেন। ওই কর্মকর্তাকে তালা ভেঙে অফিসে প্রবেশের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ঘটনাটি গুরুত্বসহকারে দেখার জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।


