রাজধানীর লালবাগে বিপ্লব (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) দুপুরে লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম মিয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রবিবার দুপুর ১টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এসআই আব্দুস সেলিম মিয়া জানান, নিহত বিপ্লব শহীদনগরের ৬ নম্বর গলিতে তার খালার বাসায় থাকতেন। তার বাবা অনেক আগেই মারা গেছেন। দুপুরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব লালবাগের কেল্লার বাজারে মাছের ব্যবসা করতেন। এলাকায় তিনি ‘মাউছা বিপ্লব’ নামে পরিচিত ছিলেন। পাশাপাশি পুলিশের সোর্স হিসেবেও কাজ করতেন বলে স্থানীয়দের দাবি।


