রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৯৫ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ দুজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে এক কেজি গাঁজা, এক হাজার ৫০৬ ইয়াবা, চারটি মোবাইলফোন, চারটি চাকু ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।


