...|...|...

বিশ্ব

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৮
Shares
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩

ফাইল ছবি

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতকবলিত রাখাইন রাজ্যের একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঞ্চলটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় এক ত্রাণকর্মীর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আরাকান আর্মির (এএ) তথ্যমতে, সোমবার রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে চালানো ওই বিমান হামলায় ৩৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। এলাকায় কাজ করা একটি ত্রাণ দলের প্রধান ওয়াই হুন অংও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

ওয়াই হুন অং বলেন, নদীর তীরবর্তী কিয়াউকতাও শহরের ওই এলাকা সংঘাতপূর্ণ অঞ্চল থেকে বেশ দূরে এবং চলমান সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী একাধিক ফ্রন্টে লড়াই করছে।

তবে রয়টার্স স্বাধীনভাবে বিমান হামলার হতাহতের সংখ্যা বা ঘটনার বিস্তারিত যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে মিয়ানমার সরকার দাবি করে আসছে, সেনাবাহিনী সাধারণ মানুষের ক্ষতি এড়াতে সর্বোচ্চ সংযম দেখিয়ে অভিযান পরিচালনা করে।

আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের দাবি, কিয়াউকতাওয়ের এই হামলা সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এর আগে গত ডিসেম্বরে রাজ্যের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।