দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম। চলতি মাসে আট দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা কমেছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন।
দেশে এই দরপতনের মূল কারণ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়া। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে ৩ হাজার ৫৭০ ডলারে। এটি গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে স্বর্ণ ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরে সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।
গত জানুয়ারির শেষ দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। এরপর থেকে ধীরে ধীরে দাম কমতে থাকে। চলতি মাসে সেই পতনের গতি আরও বেড়েছে।
সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, শক্তিশালী ডলার, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশায় স্বর্ণ ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমছে।
দেশের বাজারে চলতি মাসে শুক্রবার পর্যন্ত ১১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে আটবার কমেছে এবং তিনবার বেড়েছে। সর্বশেষ ভরিতে ১০ হাজার ৯৫৪ টাকা কমে ২২ ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ১০ হাজার ৯৮২ টাকা কমে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭ হাজার ৩৪৮ টাকা কমে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা হয়েছে। রুপার দামও ভরিতে ৩৫০ টাকা কমেছে।


