পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তিমূলক ব্যবস্থা থামছেই না। গত তিন দিনের ব্যবধানে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
অধিনায়ক ফাতিমা সানার পর এবার আইসিসির শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের ব্যাটার গুল ফিরোজা। দুবাইয়ে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সাথে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট।
ইনিংসের পঞ্চম ওভারে হংকংয়ের বোলার কারি চ্যানের বলে এলবিডব্লিউর শিকার হন ফিরোজা। ম্যাচে রিভিউ না থাকায় তাকে মাঠ ছাড়তে হয়। তবে মাঠ ছাড়ার সময় বল ব্যাটে লেগেছে ইঙ্গিত করে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি। এতে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ এনে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে শেফালি বর্মাকে আউট করে ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করায় জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন অধিনায়ক ফাতিমা সানা।
ভারতের বিপক্ষে হারলেও হংকংকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। পরশু দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। আগামীকাল প্রথম সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।


