...|...|...

জাতীয়

যে কারণে দেরি হয়েছিল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ১২:২১
Shares
যে কারণে দেরি হয়েছিল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

আগেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে প্রকাশ করা যায়নি এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। ফল প্রকাশে দেরির প্রকৃত কারণ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, কারিগরি শিক্ষা বোর্ডের সফটওয়্যারের কারিগরি জটিলতার কারণেই ফল প্রকাশের প্রক্রিয়ায় দেরি হয়েছে। তবে বোর্ডের পক্ষ থেকে বিষয়টির দায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের কয়েক দিন আগে দেখা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের অনেক শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষার নম্বর সফটওয়্যারে আপলোড হয়নি। অনুসন্ধানে জানা যায়, কিছু প্রতিষ্ঠানের এক বা একাধিক ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও সফটওয়্যারে নম্বরের ঘর ফাঁকা রয়েছে।

যদিও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দাবি, তারা নির্ধারিত সময়ের মধ্যেই ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠিয়েছে। তাদের মতে, সমস্যা তৈরি হয়েছে বোর্ডের সফটওয়্যারের ত্রুটির কারণে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল কালাম আজাদ বলেন, কিছু প্রতিষ্ঠান ব্যবহারিক পরীক্ষার নম্বর এন্ট্রি দেয়নি। এ অবস্থায় ফল প্রকাশ করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল স্থগিত হয়ে যেতে পারে। তাই শিক্ষার্থীদের স্বার্থে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় নম্বর এন্ট্রি দেওয়ার জন্য জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সফটওয়্যারের মাধ্যমে কাজ হওয়ায় ম্যানুয়ালি সংশোধনের সুযোগ নেই। তাই এ বিষয়ে বোর্ডের কোনো ভুল নেই, বরং প্রতিষ্ঠানগুলোর ভুলের কারণে সমস্যা তৈরি হয়েছে।

এদিকে, সংশ্লিষ্ট একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি, সফটওয়্যারেই মূল সমস্যা ছিল। তাদের বক্তব্য, সফটওয়্যারে শিক্ষার্থীর নাম ও রোল নম্বর না থাকলে নম্বর দেওয়ার সুযোগ থাকে না। ফলে কয়েকশ শিক্ষার্থীর মধ্যে কারও তথ্য বাদ পড়লে তা কেন্দ্রের পক্ষে শনাক্ত করা কঠিন।

শিক্ষকরা জানান, ব্যবহারিক পরীক্ষার নম্বর, উত্তরপত্র, নম্বর ফর্দ ও স্বাক্ষরলিপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে পাঠানো হয়েছে। কিন্তু ফল প্রকাশের ঠিক আগে আবারও নম্বর চাওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৪ জুন। এরপর ১৮ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ফর্দ, উত্তরপত্র ও অন্যান্য কাগজপত্র বোর্ডে পাঠানোর নির্দেশনা ছিল।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২০ জুলাই। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২০ জুলাই ফল প্রকাশ হচ্ছে না।

তিনি জানিয়েছিলেন, জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে। তবে ফল প্রকাশে কারিগরি শিক্ষা বোর্ডের জটিলতার বিষয়টি তিনি উল্লেখ করেননি।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের বিষয়টি তার জানা নেই। তবে প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষার্থীদের আন্দোলনসহ কয়েকটি কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে।

এর আগে এসএসসি ফল প্রকাশে দেরির কারণ নিয়ে ২১ জুলাই এ বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল টাইমস টুডে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রস্তুতির জটিলতাই ছিল বিলম্বের অন্যতম কারণ।