...|...|...

জাতীয়

এসএসসি পরীক্ষার খাতা পুনঃপরীক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, বিকেল ৫:২২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৭
Shares
এসএসসি পরীক্ষার খাতা পুনঃপরীক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র এবার শিক্ষার্থীরা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগে কোনো শিক্ষার্থী পুনঃপরীক্ষার আবেদন করলে মূলত ট্যাবুলেশন শিট দেখা হতো। শিক্ষার্থীর খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে কি না বা শিক্ষক যথাযথ নম্বর দিয়েছেন কি না, তা যাচাইয়ের সুযোগ ছিল না। এবার আইনগত পরিবর্তন এনে উত্তরপত্র পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে তার উত্তরপত্র পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো মানবিক বিষয় বিবেচনা করা হবে না। একটি কমিটির সামনে খাতা পুনরায় পর্যালোচনা করা হবে। কোনো শিক্ষার্থীকে ভুলভাবে নম্বর দেওয়া হলে বা প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত করা হলে পুনঃপরীক্ষার মাধ্যমে তা সংশোধন করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এক্সাক্টলি আবার রিভিউ করা হবে ইনফ্রন্ট অফ এ কমিটি। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যা তার প্রাপ্য সেটা না দিয়ে থাকে, রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে তার প্রাপ্য নম্বর দিতে হবে।’

এবার সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার উত্তীর্ণ ছাত্রের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

এ ছাড়া দেশের ১১টি শিক্ষা বোর্ডের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাসের এসব শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১৭৮টিতে দাঁড়িয়েছে। শূন্য পাসের হার থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।