...|...|...

বিশ্ব

যেসব দেশ থেকে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, রাত ১২:৩৮
Shares
যেসব দেশ থেকে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করবেন লাখ লাখ মানুষ। তবে পৃথিবীর সব জায়গা থেকে এই দৃশ্য দেখা যাবে না। একই দিনে রাতে আকাশে পারসেইড উল্কাবৃষ্টির সম্ভাবনা থাকায় জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে চরম উদ্দীপনা বিরাজ করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার (১২ আগস্ট) স্পেনের উত্তর ও মধ্যাঞ্চল, পর্তুগালের কিছু অংশ এবং গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করবেন লাখ লাখ মানুষ। তবে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও উত্তর ইতালিতে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে হলে পৃথিবীর খুব সরু একটি অঞ্চলের মধ্যে অবস্থান করতে হয়। কারণ চাঁদের ছায়া পৃথিবীর ওপর তুলনামূলকভাবে ছোট একটি পথ তৈরি করে।
দুই দশক পর ইউরোপে পূর্ণগ্রাস গ্রহণ

এটি মূল ভূখণ্ড ইউরোপে প্রায় দুই দশকের মধ্যে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যুক্তরাজ্যে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯৯৯ সালে। তখন ডেভন ও কর্নওয়ালের কিছু এলাকা পূর্ণগ্রাসের পথে ছিল। দেশটিতে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ২০৯০ সালের আগে দেখা যাবে না।

যদিও যুক্তরাজ্যে বুধবার পূর্ণগ্রাস নয়, তবে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। লন্ডনে স্থানীয় সময় বিকেল ৬টা ১৭ মিনিটে গ্রহণ শুরু হয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে এবং শেষ হবে রাত ৮টা ৬ মিনিটে। কর্নওয়ালে সূর্যের প্রায় ৯৬ শতাংশ, পশ্চিম স্কটল্যান্ডে প্রায় ৯৩ শতাংশ এবং লন্ডনে প্রায় ৯২ শতাংশ সূর্য চাঁদের আড়ালে থাকবে। স্পেনের পূর্ণগ্রাস অঞ্চলে স্থানীয় সময় রাত ৮টা ২৬ থেকে ৮টা ৩৩ মিনিটের মধ্যে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, খালি চোখে কিংবা সাধারণ সানগ্লাস পরে সরাসরি সূর্যের দিকে তাকানো মারাত্মক বিপজ্জনক, এতে চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। গ্রহণ দেখতে সার্টিফাইড সোলার গ্লাস বা পিনহোল প্রজেক্টর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম দিগন্তে কোনো বাধা নেই—এমন স্থান দেখতে এটি উপযুক্ত।

সূর্যগ্রহণ কেবল দর্শনীয় ঘটনাই নয়, বিজ্ঞানীদের কাছেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণগ্রাসের সময় সূর্যের বাইরের বায়ুমণ্ডলের কেমিক্যাল প্রোফাইল এবং সৌরচক্র নিয়ে বিস্তারিত গবেষণার সুযোগ মেলে।

ঐতিহাসিক দিক থেকেও এর গুরুত্ব রয়েছে; ১৯১৯ সালের সূর্যগ্রহণের ওপর নির্ভর করেই বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের বড় প্রমাণ মিলেছিল। এদিকে আজ গভীর রাতে পারসেইড উল্কাবৃষ্টি আকাশে বাড়তি সৌন্দর্য যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গবেষকেরা।