...|...|...

তথ্যপ্রযুক্তি

সূর্যগ্রহণের আলো যেভাবে ক্ষতি করে আপনার স্মার্টফোনের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:২২
Shares
সূর্যগ্রহণের আলো যেভাবে ক্ষতি করে আপনার স্মার্টফোনের

সূর্যগ্রহণের দৃশ্য । ছবি : সংগৃহীত

সূর্যগ্রহণের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে বিপদে পড়তে পারেন স্মার্টফোন ও ডিজিটাল ক্যামেরা ব্যবহারকারীরা। বিশেষজ্ঞদের সতর্কতা, উপযুক্ত সুরক্ষা ছাড়া সরাসরি সূর্যের দিকে ক্যামেরার লেন্স তাক করলে অতিরিক্ত তীব্র আলোতে যন্ত্রের সেন্সর স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে রাখলেও সূর্যের সরাসরি আলো ক্যামেরার অতিসংবেদনশীল ইমেজ সেন্সরের ওপর তীব্র চাপ তৈরি করতে পারে। দীর্ঘ সময় এভাবে ছবি তুললে সেন্সরের ফোটোডায়োড ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ীভাবে ‘ডেড পিক্সেল’ তৈরি হতে পারে। পরে এসব ত্রুটি মেরামত করাও সম্ভব নাও হতে পারে।

বুধবার ১২ আগস্ট ইউরোপের আকাশে দেখা যেতে যাচ্ছে একটি বিরল সূর্যগ্রহণ। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান করায় তৈরি হবে এই মহাজাগতিক দৃশ্য। এটি দেখতে যেমন উৎসাহ রয়েছে, তেমনি মোবাইল ফোন ও ক্যামেরায় মুহূর্তটি ধরে রাখার পরিকল্পনাও করছেন অনেকে। তবে বিশেষজ্ঞরা কোনো সুরক্ষা ছাড়া ক্যামেরার লেন্স সরাসরি সূর্যের দিকে তাক না করার পরামর্শ দিয়েছেন।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে সূর্যগ্রহণের আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও একই ধরনের সতর্কতা দিয়েছিল। নাসার মতে, অন্যান্য সাধারণ ইমেজ সেন্সরের মতো মোবাইল ফোনের ক্যামেরা সেন্সরও সরাসরি সূর্যের দিকে তাক করালে ক্ষতিগ্রস্ত হতে পারে।

আংশিক বা বলয়গ্রাস সূর্যগ্রহণের ছবি তুলতে সঠিক সৌর ফিল্টার ব্যবহার করা জরুরি। সাধারণ এক্লিপস গ্লাস ক্যামেরার লেন্সের সামনে ধরাকে নিরাপদ বিকল্প হিসেবে ধরে নেওয়া উচিত নয়। ক্যামেরার জন্য উপযুক্ত সৌর ফিল্টার ব্যবহার করাই নিরাপদ পদ্ধতি।

চোখের নিরাপত্তার ক্ষেত্রেও নাসা বিশেষ সতর্কতা দিয়েছে। সৌর চশমা পরে থাকলেও ক্যামেরা, বাইনোকুলার বা টেলিস্কোপের মতো অপটিক্যাল যন্ত্রের মাধ্যমে সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। এসব যন্ত্রের তীব্র আলো সঠিক ফিল্টার ছাড়া চোখে গুরুতর ক্ষতি করতে পারে।

তবে পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ যখন সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে, তখন অল্প সময়ের জন্য খালি চোখে গ্রহণ দেখা নিরাপদ। এবারের পূর্ণ সূর্যগ্রহণের পথ আইসল্যান্ড ও স্পেনের কিছু এলাকা দিয়ে যাবে। সেখানে কয়েক মিনিটের জন্য বিরল এই দৃশ্য সরাসরি দেখার সুযোগ মিলবে।

এটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে স্পেনের আকাশে দেখা প্রথম পূর্ণ সূর্যগ্রহণগুলোর একটি এবং চলতি শতাব্দীতে যুক্তরাজ্যে দৃশ্যমান সবচেয়ে বড় আংশিক সূর্যগ্রহণ হতে যাচ্ছে।