ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন যুবলীগের এক নেতার নেতৃত্বে কলেজছাত্র সুমন শেখকে (২৪) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকার উকিল শেখের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন শেখ উপজেলার বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি কাশিয়ানী এমএ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখ ও তার ছেলে টগরবন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি হুসাইন শেখের পক্ষের সাথে আলাউদ্দিন শেখ ও শওকত শেখের পক্ষের বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সুমন শেখ শিহাব নামে এক যুবককে সাথে নিয়ে মোটরসাইকেলে কাশিয়ানী থেকে বাড়ি ফিরছিলেন। পথে বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে। অভিযোগ রয়েছে, শামিম শেখের নেতৃত্বে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই শামিম শেখ বলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি হুসাইন শেখের সাথে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। কয়েকদিন আগেও সুমনকে মারধর করা হয়েছিল। সেই বিরোধের ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে হুসাইন শেখ ও তার সহযোগীরা এই হামলা চালিয়ে সুমনকে হত্যা করেছে। তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, সুমন শেখ নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


