...|...|...

সারাদেশ

মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ২:২০
Shares
মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

মো. সাইফ আহমেদ চন্দন মুন্সী (২২)। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় মো. সাইফ আহমেদ চন্দন মুন্সী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মধুখালী-আরকান্দি সড়কের আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ আহমেদ চন্দন মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আরকান্দি গ্রামের মুন্সি বেনজির আহমেদের ছেলে। তিনি ফরিদপুর কৃষি কলেজের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাগাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চন্দন। পথে মধুখালী-আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি বাসের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব কর্মকার জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।