কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি দৌলতপুর সেন্টার থেকে শুরু করে থানা বাজারে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য দেন– দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবল কর্নেল।
মাসুম তার বক্তব্যে বলেন, যারা এই ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িত, তারা কখনোই প্রকৃত জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতি জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি। তাই রাজনৈতিক মতপার্থক্যের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান জাতীয়তাবাদী রাজনীতিতে নেই।
রাজনৈতিক কার্যালয়ে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র নষ্ট করেছে এবং অগ্নিসংযোগের মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ছবি, জননেতা শরীফ উদ্দীন জুয়েল এর বিভিন্ন কর্মসূচির ছবি ও ব্যানার পদদলিত করা সহ গুরুত্বপূর্ণ মালামাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষতিগ্রস্ত করেছ।
আমরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।
এসময় উপজেলা বিএনপি'র সাবেক সদস্য আলাউদ্দিন বাদল,উপজেলা কৃষকদের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম সুমন গাজী, পিয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১২ তারিখ রবিবার সন্ধ্যায় মথুরাপুর ইউনিয়ন হিসনাপাড়ায় অবস্থিত যুবদলের কার্যালয়ে কিছু দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনাই দৌলতপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন রেজাউর রহমান মাসুম।


