ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন আবারও সামরিক সংঘাতে জড়ালে তেহরান ধ্বংসাত্মক জবাব দেবে।
শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রশাসনের উদ্দেশে এই সতর্কবার্তা দেন রেজাই।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ও ইরানের সাথে সামরিক সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনারা যুদ্ধ ও নির্বাচন—উভয় ক্ষেত্রেই হেরেছেন।’
মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কটাক্ষ করে রেজাই আরও বলেন, ‘ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, রুবিও বিদায়ের পথে, হেগসেথকে বরখাস্ত করা হতে চলেছে, আর সেন্টকম কমান্ডার এখন পডকাস্টার হয়ে গেছেন!’
এরপর ওয়াশিংটনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘তাহলে ওয়াশিংটনে আসলে কার কাছে আমাদের এই বার্তাটি পৌঁছে দেওয়া প্রয়োজন?’
ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যুদ্ধ শুরু করলে আপনারা ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হবেন।’
ইরানের সাথে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এমন সতর্কবার্তা দিলেন রেজাই।
তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সম্ভাব্য বিদায় বা বরখাস্তের বিষয়ে রেজাইয়ের মন্তব্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।


