...|...|...

বিশ্ব

ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, রাত ১০:০৭
Shares
ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় রাতভর হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান জেলেনস্কি।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ও সরবরাহ করা কেএন-২৩ (KN-23) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলায় ক্ষতিগ্রস্ত একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় এই ক্ষেপণাস্ত্রের আঘাতের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি তার।

জেলেনস্কির তথ্যমতে, রাতের হামলায় রাশিয়া মোট ৩৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে মাত্র চারটি প্রতিহত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া একই সময়ে ১৭২টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ১৪৯টি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ অঞ্চল।

জেলেনস্কি জানান, ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট রয়েছে। এ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা প্রয়োজন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানান তিনি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভে ব্যাপক হামলা চালানোর কথা স্বীকার করেছে। মস্কোর দাবি, ইউক্রেনের সামরিক শিল্প, জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিয়েভের গুরুত্বপূর্ণ পিভনিচনি সেতুও রয়েছে।

হামলার পর কিয়েভে বিকল্প পরিবহনব্যবস্থা ও অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কিকে নির্দেশ দিয়েছেন জেলেনস্কি।

আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন দফায় ত্রিপক্ষীয় আলোচনা শুরুর কথা রয়েছে।

জেলেনস্কির অভিযোগ, আলোচনার আগে ইউক্রেনের ওপর চাপ বাড়াতেই রাশিয়া হামলা জোরদার করছে। তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ নিয়ে মস্কো বা পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।