২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে গেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক নয়াদিল্লিতে পৌঁছান। খবর আল-জাজিরার।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে অংশ নিতেই তার এই সফর। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি।
দুই দেশই সফরটিকে এসসিওর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেখছে। পেহেলগাম হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কে শীতলতা চলছে। পাশাপাশি সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েনও রয়েছে।
এর মধ্যেই মুসাদিক মালিকের দিল্লি সফর আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় এসসিও শীর্ষ সম্মেলনের আগে দুই দেশের মধ্যে সীমিত পরিসরে যোগাযোগের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, মালিককে প্রতিনিধি হিসেবে পাঠানো ইসলামাবাদের একটি কৌশলগত সিদ্ধান্ত। এর মাধ্যমে পাকিস্তান ভারতের নির্ধারিত কোনো দ্বিপক্ষীয় কাঠামোয় না গিয়ে এসসিওর সক্রিয় সদস্য হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে চাইছে।
অন্যদিকে নয়াদিল্লি জানিয়েছে, আয়োজক দেশ হিসেবে নিয়ম মেনেই এসসিওর সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান নিয়ে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি বলেও স্পষ্ট করেছে ভারতীয় পক্ষ।
সন্ত্রাসবাদের ইস্যুতে সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় আলোচনায় এগোতে ভারত অনড়। পাশাপাশি অতীতের এসসিও বৈঠকগুলোতেও বড় কোনো কূটনৈতিক অগ্রগতি দেখা যায়নি।
এ কারণে মুসাদিক মালিকের সফরকে তাৎপর্যপূর্ণ মনে করা হলেও তা থেকে ভারত-পাকিস্তান সম্পর্কে বড় ধরনের অগ্রগতি আসবে কি না, সে বিষয়ে বিশ্লেষকেরা সতর্ক অবস্থানে রয়েছেন।


