...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে ৬ আরোহীসহ নিখোঁজ বারমুডার এয়ার অ্যাম্বুলেন্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৯
Shares
যুক্তরাষ্ট্রে ৬ আরোহীসহ নিখোঁজ বারমুডার এয়ার অ্যাম্বুলেন্স

ছবি: সংগৃহীত

বারমুডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন যাওয়ার পথে ৬ আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ হয়েছে। ম্যাসাচুসেটসের নানটাকেটের কাছে বিমানটির খোঁজে ইতোমধ্যে বিমান ও নৌযান নিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড।

শনিবার (৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইলে কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, এদিন ভোরে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কোস্টগার্ডকে জানায় যে তারা গালফস্ট্রিম জেট মডেলের ওই বিমানটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে। মূল ভূখণ্ড ম্যাসাচুসেটসের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ অঞ্চল নানটাকেটের কাছাকাছি এলাকায় বিমানটির সন্ধানে বিমান ও ভূপৃষ্ঠের উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

এদিকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, শনিবার সকালে তারা পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে, তবে এ মুহূর্তে শেয়ার করার মতো তাদের কাছে কোনো নতুন আপডেট নেই।

বারমুডার বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ ‘স্কাইপোর্ট’-এর দেওয়া এক বিবৃতি অনুযায়ী, কানাডায় নিবন্ধিত ওই এয়ার অ্যাম্বুলেন্স জেটটিতে চার জন ক্রু এবং দুই জন যাত্রী ছিলেন। এটি রাতে ম্যাসাচুসেটসের উদ্দেশে বারমুডার এলএফ ওয়েড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেছিল।

কানাডার পরিবহণমন্ত্রী স্টিভেন ম্যাককিনন সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন যে, বিমানটিতে চার জন কানাডীয় নাগরিক ছিলেন। তিনি লিখেছেন, আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং উদ্ধার ও তল্লাশি অভিযান চলার সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছি।