...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরান ‘ভীত নয়’: পেজেশকিয়ান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, রাত ৯:১০
Shares
যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরান ‘ভীত নয়’: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানের জনগণ ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়াশিংটনের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যেও যুদ্ধ অবসানের শর্তে আপস না করার অবস্থানে অটল রয়েছে তেহরান।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, তেহরানে গ্রামীণ ও যাযাবর জনগোষ্ঠীর সক্ষমতা বিষয়ক এক আন্তর্জাতিক প্রদর্শনীতে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, ইরানের জনগণ শত্রুর হুমকিতে ভীত নয়।

তিনি আরও বলেন, যত দিন ইরানিরা বেঁচে থাকবেন, তত দিন তাঁরা তাঁদের বীরত্বপূর্ণ ও গর্বিত জনগণের সেবক হিসেবে কাজ করে যাবেন।

এদিকে, যুদ্ধ অবসানের শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য অব্যাহত রয়েছে ইরানের। গত মাসে দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবে তেহরান আঞ্চলিক যুদ্ধবিরতি, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্তকরণ, তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অবসানের দাবি জানায়।

এর বিনিময়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দেয় ইরান। তবে দেশটির এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও যুদ্ধ অবসানের শর্তে কোনো আপস না করার অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান।