যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল হিসাব-নিকাশ করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ভুল নীতি এবং বিভিন্ন সংঘাতে ইন্ধন জোগানোর কারণেই বর্তমানে ইউরোপ ভুগছে।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপের উচিত চোখ খুলে গভীরভাবে দেখা; কারণ আমেরিকা বা যুক্তরাষ্ট্রর মতো ইউরোপও কিছু ভুল হিসাব-নিকাশ করছে।
ইউরোপের সমালোচনা করে আরাঘচি বলেন, তারা ভুগছে। এর কিছু পরিণতির কারণ হলো তাদের ভুল নীতি। এত সব যুদ্ধের পেছনেও তারাই দায়ী। তাদের ভুল নীতিই ইউক্রেনে যুদ্ধ দীর্ঘায়িত করেছে।
তিনি আরও যোগ করেন, কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই ইহুদিবাদী রাষ্ট্রকে (ইসরায়েল) একতরফা সমর্থন দিয়ে চলেছে তারা, যার ফলস্বরূপ ৮০ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে।


