বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি ও স্থাপত্যের চমক দেখাতে বিশাল এক মেগাপ্রকল্প হাতে নিয়েছে ভিয়েতনাম। রাজধানী হ্যানয়ে নির্মিত হচ্ছে ‘ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়াম’, যা ধারণক্ষমতায় ছাড়িয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেও।
ভিয়েতনামের আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে এই মেগাকাঠামো। গত ২০২৫ সালের ১৯ ডিসেম্বর এই মহাপরিকল্পনার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পুরো প্রকল্পে মোট বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার ৭৩০ কোটি টাকারও বেশি।
স্টেডিয়ামটির নকশায় রাখা হয়েছে বিশেষ সাংস্কৃতিক ছোঁয়া। প্রাচীন ভিয়েতনামের ঐতিহ্যবাহী 'ডং সন' ব্রোঞ্জের ঢোলের আদলে এর কাঠামো তৈরি করা হচ্ছে। প্রযুক্তিগত দিক থেকেও এটি হবে দারুণ আধুনিক—থাকবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করার সুবিধাযুক্ত ছাদ। ফলে ফুটবল ও অ্যাথলেটিক্সের পাশাপাশি আন্তর্জাতিক কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে আয়োজন করা যাবে।
বর্তমানে ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতা নিয়ে বিশ্বের শীর্ষ স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তবে ভিয়েতনামের এই নতুন স্টেডিয়ামের পরিকল্পিত দর্শক ধারণক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার, যা ভারতের স্টেডিয়ামের চেয়ে ৩ হাজার বেশি।
পরিকল্পনা অনুযায়ী সব কাজ এগোলে আগামী ২০২৮ সালের আগস্টের মধ্যেই দৃশ্যমান এই মেগা স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

