...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চাইল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫১
Shares
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চাইল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। কয়েক দশকের মার্কিন কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। একই সাথে মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় হাতে থাকা ‘সব ধরনের উপায়’ ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা ক্ষতিপূরণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা মামলায় দেশের আদালতগুলো থেকে আমরা ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ নেওয়ার পক্ষে রায় পেয়েছি।

তিনি আরও জানান, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে উপসাগরীয় কয়েকটি আরব দেশের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপে সৃষ্ট ক্ষতির হিসাব ধরেই এই ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে।

এদিকে আল জাজিরার পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিরুদ্ধে তেহরান আরও কঠোর অবস্থান নিয়েছে। গত ১৩ এপ্রিল ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। জুনে একটি খসড়া সমঝোতার পর তা তুলে নেওয়া হলেও সমঝোতা ভেঙে পড়ায় ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করা হয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, আমরা অবশ্যই এসব কর্মকাণ্ড মেনে নেব না। যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় আমাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ হিসেবে বর্ণনা করছে, সেগুলো ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের শামিল।

বাঘাইয়ের ভাষায়, এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য ইরান তার হাতে থাকা যেকোনো উপায় ব্যবহারের অধিকার রাখে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন।

পরে ইরান পুরো অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সাথে লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে। এর ফলে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয় এবং হরমুজ প্রণালি সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়।

তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। মূলত হরমুজ বন্ধের প্রচেষ্টা থেকে তেহরানকে বিরত রাখতেই দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন এবং স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে একটি বিশেষ টাস্কফোর্সও গঠন করা হয়।

গত কয়েক সপ্তাহে ইরানের সামরিক বাহিনী একাধিকবার জানিয়েছে, তেহরানের নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহার করতে গিয়ে কয়েকটি জাহাজে আগুন লেগেছে।

তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা রেসুল সেরদার আতাস বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করছে। তার মতে, দেশটির মোট আমদানি-রফতানির ৮০ শতাংশের বেশি হরমুজ প্রণালী অথবা দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে পরিবহন করা হয়।

তিনি আরও জানান, নৌ অবরোধ শেষ করতে বিকল্প পথ খুঁজছে ইরান। এমনকি ইরানের আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও আলোচনায় রয়েছে।

রেসুল সেরদার আতাস বলেন, এ মুহূর্তে উত্তেজনা আরও বাড়ানোই আলোচনার টেবিলে থাকা প্রধান বিকল্প।

অন্যদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখনও স্থবির। বিশেষ করে জুনের সমঝোতা ভেঙে পড়ার পর আর কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ওই খসড়ায় স্থায়ীভাবে সংঘাত শেষ করার একটি রোডম্যাপ ছিল।

ইরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব। শর্তগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালী ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।