...|...|...

বিশ্ব

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন শর্ত, নভেম্বর থেকে কার্যকর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৮:১৭
Shares
যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন শর্ত, নভেম্বর থেকে কার্যকর

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্টের শর্তে পরিবর্তন এনেছে দেশটির সরকার। আগামী ৩০ নভেম্বর (বা তার পরে) থেকে স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে আগের চেয়ে বেশি পরিমাণ আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দি ইন্ডিপেন্ডেন্ট’-এর এক প্রতিবেদনে এই অভিবাসন নীতি পরিবর্তনের তথ্য জানানো হয়েছে।

নতুন এই নিয়মের ফলে যুক্তরাজ্যে পড়াশোনার জন্য যেতে ইচ্ছুকদের পকেটে এখন থেকে কিছুটা বেশি অর্থ থাকতে হবে। শিক্ষার্থীদের ভিসার আর্থিক মানদণ্ডে ঠিক কী ধরনের পরিবর্তন আসছে, এক নজরে দেখে নেওয়া যাক:

লন্ডনে পড়াশোনায় ব্যয় বাড়ল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ভেতরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় হিসেবে এতদিন প্রতি মাসে ১,৫২৯ পাউন্ড দেখাতে হতো। নতুন নিয়ম অনুযায়ী তা বাড়িয়ে প্রতি মাসে ১,৫৭০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। সাধারণত ভিসার নিয়ম অনুযায়ী ৯ মাসের এই জীবনযাত্রার খরচ দেখাতে হয়। ফলে আগে যেখানে ১৩,৭৬১ পাউন্ড দেখাতে হতো, এখন সেখানে ১৪,১৮০ পাউন্ড দেখাতে হবে। এতে কেবল লন্ডনের ভেতরের শিক্ষার্থীদের বার্ষিক খরচ বা ব্যাংক ব্যালেন্সের প্রয়োজনীয়তা ৩৬৯ পাউন্ড বাড়ছে।

লন্ডনের বাইরেও বেড়েছে জীবনযাত্রার খরচ

লন্ডনের বাইরে অপেক্ষাকৃত কম খরচে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই আর্থিক শর্ত বাড়ানো হয়েছে। এতদিন মাসিক ১,১৭১ পাউন্ড হিসেবে ৯ মাসের জন্য মোট ১০,৫৩৯ পাউন্ড দেখাতে হতো। এখন তা বাড়িয়ে মাসিক ১,২০৩ পাউন্ড বা ৯ মাসের জন্য মোট ১০,৮২৭ পাউন্ড করা হয়েছে। অর্থাৎ লন্ডনের বাইরের শিক্ষার্থীদের জন্য বার্ষিক ২৮৮ পাউন্ড অতিরিক্ত দেখাতে হবে।

টিউশন ফির সাথে এর কোনো সম্পর্ক নেই

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন যে, জীবনযাত্রার ব্যয়ের এই বাড়তি হিসাবের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির কোনো সম্পর্ক নেই। টিউশন ফি সম্পূর্ণ আলাদাভাবে পরিশোধ করতে হবে। এর বাইরে ভিসার আবেদন ফি এবং হেলথ কেয়ার সারচার্জের খরচ তো রয়েছেই। তাই যুক্তরাজ্যগমনে ইচ্ছুক শিক্ষার্থীদের পুরো বাজেট কষার সময় এই খাতগুলো আলাদাভাবে মাথায় রাখতে হবে।

টাকা দেখানোর কড়া নিয়ম ও ব্যাংকিং শর্ত

আগামী ৩০ নভেম্বর বা তার পরের তারিখে যারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই বর্ধিত আর্থিক নিয়মটি প্রযোজ্য হবে। ভিসার আবেদন জমা দেওয়ার আগের দিন থেকে অন্তত একটানা ২৮ দিন ব্যাংক অ্যাকাউন্টে এই পুরো পরিমাণ অর্থ সঠিকভাবে জমা থাকতে হবে।

কার অ্যাকাউন্টে থাকতে হবে এই টাকা?

শিক্ষার্থীদের সুবিধার্থে এই তহবিল নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও বাবা-মায়ের যৌথ বা একক অ্যাকাউন্টে থাকার অনুমতি রয়েছে। এছাড়া ব্যাংক ব্যালেন্স দেখানোর পাশাপাশি শিক্ষার্থীরা চাইলে স্টুডেন্ট লোন বা অফিশিয়াল কোনো স্পনসরশিপের নথিপত্রও ব্যবহার করতে পারবেন। তবে স্বস্তির বিষয় হলো, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে বৈধভাবে যুক্তরাজ্যে টানা এক বা তার বেশি সময় ধরে বসবাস করছেন, তাদের নতুন করে এই আর্থিক প্রমাণ প্রদর্শনের ঝুঁকি পোহাতে হবে না।