...|...|...

সারাদেশ

যাত্রীবেশে উঠে বাসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৪
Shares
যাত্রীবেশে উঠে বাসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে। তবে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে পারায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ভুলতা গাউছিয়া পরিবহনের বাসটিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দেয়। এরপর দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায় তারা।

বাসে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় চালক বাসটি সড়কের পাশে থামালে সবাই দ্রুত নেমে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাসটির অধিকাংশ আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস বলেন, ‘যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন, ফলে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাশকতা সৃষ্টিকারী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।’